এই ট্যাবটা কেন সবচেয়ে জরুরি

সাইটের ফুটারে ঠিকানা লেখা আছে, "যোগাযোগ" পাতায় ফোন নম্বর আছে, হোম পেজে লেখা আছে সকাল ৯টা থেকে রাত ১০টা।

Google তবু জানে না।

মানুষ পড়ে বোঝে ওগুলো দোকানের ঠিকানা আর সময়। মেশিন বোঝে না, ওর কাছে ওগুলো পাতার আর যেকোনো লেখার মতোই। মেশিনকে আলাদা করে বলে দিতে হয়: এটা একটা ব্যবসা, নাম এই, ঠিকানা এই, শনিবার এই সময়ে খোলা।

এই ট্যাবের ফর্মটা পূরণ করলে সেই বলে দেওয়াটা নিজে থেকেই হয়ে যায়।

!ব্যবসা ও চেহারা ট্যাব

তাতে লাভ কী

সার্চে দোকানের নাম লিখলে ঠিকানা আর "এখন খোলা" লেখাসহ দেখানোর সুযোগ তৈরি হয়। রাত ৯টায় কেউ "মিরপুর ১০ মিষ্টির দোকান" খুঁজলে ওই লেখাটা দেখা আর না দেখার পার্থক্যটাই একটা অর্ডার।

সাথে দুটো কম দৃশ্যমান লাভ: Google Maps-এর তথ্যের সাথে মিললে দুটো একে অপরকে সমর্থন করে, আর AI সহকারীগুলো (যেমন ChatGPT বা Claude) যখন কারও প্রশ্নের উত্তর খোঁজে, তখন এভাবে পরিষ্কার করে লেখা তথ্যটাই আগে পায়।

একটা সৎ কথা: তথ্য দিলেই Google দেখাবে এমন কোনো গ্যারান্টি নেই, সিদ্ধান্তটা ওদের। কিন্তু না দিলে সুযোগটাই থাকে না।

দোকান বা ব্যবসার তথ্য

খোলার সময়

প্রতিটা দিনের পাশে একটা টিক। টিক দেওয়া মানে ওই দিন খোলা, আর পাশে খোলা-বন্ধের সময় বসানোর ঘর।

যেদিন বন্ধ, সেদিনের টিক তুলে দিন। বন্ধের দিনটাও Google-কে জানানো হয়, কারণ শুক্রবার বন্ধ থাকা একটা তথ্য, তথ্যের অভাব নয়।

সময় ভুল দিবেন না। সাইটে রাত ১১টা লেখা দেখে কেউ সাড়ে ১০টায় এসে বন্ধ পেলে সেটা তথ্য না দেওয়ার চেয়েও খারাপ।

সোশ্যাল মিডিয়া

ফেসবুক, WhatsApp, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক। পুরো https:// ঠিকানা দিন।

এগুলোও Google-কে জানানো হয়, তাই দোকানের নাম আর ফেসবুক পেজ একসাথে চেনার সুযোগ তৈরি হয়।

উপরের ঘোষণা বার

সাইটের একদম উপরে এক লাইনের একটা স্ট্রিপ। "ঈদে ৩ দিন বন্ধ", "আজ ঢাকায় ফ্রি ডেলিভারি", "আমাদের নতুন নম্বর", যা দরকার।

আগে এই কাজটার জন্য AI-কে বলে পুরো পাতা আবার বানাতে হতো, আর তাতে Token খরচ হতো। এখন লিখে সেভ চাপলেই হলো।

ফন্ট

ছয়টা ফন্ট। প্রতিটাতেই বাংলা আছে, তাই লেখা ভেঙে বাক্স হয়ে যাবে না, এটাই বাছাইয়ের একমাত্র নিয়ম ছিল।

"সাইটের নিজের ফন্ট" রাখলে সাইট বানানোর সময় যেটা ছিল সেটাই থাকে।

সার্চ ইঞ্জিন

Google-এ সাইটটা দেখাতে চাই না। কাজ শেষ না হওয়া পর্যন্ত, বা সাইটটা শুধু নিজের লোকদের জন্য হলে টিক দিন। কাজ শেষে টিক তুলতে ভুলবেন না, নইলে সাইটটা কেউ খুঁজে পাবে না।

Google Analytics ID আর Facebook Pixel ID, দরকার হলে। না বুঝলে খালি রাখুন; কতজন এলো তার হিসাব সাইট ম্যানেজ পাতার "এক নজরে" ট্যাবে এমনিতেই আছে।

Google-এর যাচাই কোড, Search Console যে এক লাইনের কোডটা দেয়। এটাও না বুঝলে ছেড়ে দিন।

সেভ

নিচের সেভ করুন বাটন। এই ট্যাবের কিছুই Publish করতে হয় না, সেভ করলেই লাইভ সাইটে বসে যায়।

সময় লাগে পাঁচ মিনিট, একবার। তারপর ঠিকানা বা সময় বদলালে এখানে ঢুকে বদলে দিলেই হলো।