আপনার তথ্য আপনারই। আমরা যতটুকু না হলে সার্ভিসটা চলে না, ঠিক ততটুকুই নিই। আমরা কারও কাছে আপনার তথ্য বিক্রি করি না, আর সাইটে কোনো তৃতীয় পক্ষের বিজ্ঞাপনও রাখি না।
আমরা যা সংগ্রহ করি
আপনি যা দেন
নাম আর ইমেইল (account খুলতে)
Password (encrypted hash আকারে জমা থাকে, মূল password আমরা দেখতে পাই না)
আপনার লেখা প্রম্পট আর তৈরি করা অ্যাপের ফাইল
চ্যাটে দেওয়া ফাইল বা লিংকের লেখা, যাতে পরের প্রশ্নেও AI সেটা পায় (চ্যাট মুছলে সাথে মুছে যায়)
ঐচ্ছিকভাবে দেওয়া নিজের API Key (AES-256-GCM এনক্রিপশনে জমা থাকে)
প্রোফাইল ছবি, পাবলিক নাম (@handle), নিজের পরিচিতি আর লিংক (দিলে)
সাইটের সেটিংস (Analytics ID, Pixel ID, নিজের head কোড) আর নিজের ডোমেইন (দিলে)
নিজে থেকে জমা হয়
Token ব্যবহারের হিসাব (কোন Model কত Token নিল), account থাকা পর্যন্ত রাখা হয়
Login session, শেষ কবে এসেছিলেন, আর কোন পথে Login করেছেন (email না Google)
আপনার রেফারেল কোড, আর কারও লিংক দিয়ে এলে কার লিংক
ইমেইল পাঠানোর লগ (কোন মেইল কখন গেল)
আমরা আপনার NID, ব্যাংক তথ্য বা কার্ডের তথ্য সংগ্রহ করি না। পেমেন্ট হলে সেটি পেমেন্ট গেটওয়ের নিজস্ব নিরাপদ পেজে কমপ্লিট হয়। ম্যানুয়াল bKash অপশন চালু থাকলে টাকা যায় আপনার নিজের bKash অ্যাপ থেকে; আমরা তখন শুধু লেনদেনের TrxID আর (দিলে) প্রেরক নম্বরটা রাখি, আর কিছু নয়।
সাইট ইনবক্সের জমা (Business হোস্টিং)
Business বা Commerce হোস্টিং নেওয়া সাইটের ফর্মে ভিজিটর যা লেখেন (যেমন নাম, ফোন, ঠিকানা, মেসেজ), সেটা ওই সাইটের মালিকের ইনবক্সে জমা হয়। এই জমা সাইটের মালিক দেখেন। সাপোর্টের দরকারে আমরাও দেখতে পারি, তবে প্রতিবার দেখাটা লগে লেখা থাকে আর মালিক সেটা ড্যাশবোর্ডে দেখতে পান; আমরা এটা বিক্রি করি না, বিজ্ঞাপনে ব্যবহার করি না, AI শেখাতেও দিই না। মালিক চাইলে যেকোনো জমা মুছে ফেলতে বা CSV-তে নামিয়ে নিতে পারেন। জমা দেওয়ার সময় ভিজিটরের IP ঠিকানা রাখা হয় না, শুধু একটা salted hash থাকে যেন অপব্যবহার ঠেকানো যায়। ভিজিটরের হিসাবের চার্টেও একই নিয়ম: IP নয়, শুধু hash।
Commerce হোস্টিংয়ে মালিক নিজের SMS গেটওয়ে সেট করে থাকলে ক্রেতার ফোন নম্বর আর অর্ডারের লেখাটা সেই গেটওয়েতে যায়; কোন গেটওয়ে, সেটা মালিকের বাছাই, আমাদের নয়।
ভিজিটরকে যে অটো-রিপ্লাই মেইল যায়, সেটা আমাদের email প্রোভাইডার হয়ে যায়, আর ভিজিটরের ইমেইল ঠিকানাটা আমাদের পাঠানোর লগে ৯০ দিন থাকে, তারপর নিজে থেকে মুছে যায়।
জরুরি ইমেইল পাঠাতে (verification, password reset, order আপডেট)
account আর প্রোডাক্ট নিয়ে ইমেইল পাঠাতে: শুরু করার টিপস, Token প্যাকের অফার, ফ্রি অ্যাপ সরে যাওয়ার আগে সতর্কবার্তা, আপনার বানানো জিনিস সপ্তাহে কতজন খুলেছেন তার হিসাব, আর মাঝে মাঝে নতুন ফিচারের খবর। এগুলো আর না চাইলে Settings-এর টগল থেকে বা প্রতিটা মেইলের নিচের লিংকে এক চাপে বন্ধ করা যায়; support@banglacodes.com-এ এক লাইন লিখলেও বন্ধ করে দিব। জরুরি মেইলগুলো (verification, password reset, order) account থাকা পর্যন্ত যাবেই, ওগুলো ছাড়া account চলে না। আরও দুটো মেইল এই টগলের বাইরে, কারণ দুটোই আপনার নিজের কাজের জবাব আর প্রতিটা account-এ একবারই যায়: Email কনফার্ম না হলে নতুন লিংকসহ একটা মনে করিয়ে দেওয়ার মেইল, আর প্রথম বিল্ডে কিছু তৈরি না হলে আবার চেষ্টার উপায় নিয়ে একটা মেইল।
সার্ভিসের মান বোঝা ও উন্নত করতে
তৃতীয় পক্ষ
কাজ চালাতে যাদের ব্যবহার করি:
AI Model প্রদানকারী: Google Gemini, OpenRouter, Groq, Cloudflare Workers AI আর Z.ai (GLM)। উত্তর তৈরির জন্য আপনার প্রম্পট (আর সাথে ছবি দিলে সেই ছবি) এদের কাছে যায়। OpenRouter একাই অনেক কোম্পানির Model এক জায়গায় দেয় (Anthropic-এর Claude, OpenAI-এর GPT, DeepSeek, Moonshot-এর Kimi সহ), তাই OpenRouter হয়ে গেলে প্রম্পট ওই Model-এর কোম্পানির কাছেও পৌঁছায়। নিজের API Key দিলে প্রম্পট সরাসরি সেই কোম্পানির কাছে যায়, আমাদের Key দিয়ে নয়। প্রত্যেকের নিজস্ব প্রাইভেসি পলিসি প্রযোজ্য। ফ্রি Model-গুলো এদের কারও কারও ফ্রি সার্ভিসে চলে, আর সেই ফ্রি সার্ভিসের শর্তে প্রোভাইডার নিজেদের সার্ভিস ভালো করতে প্রম্পট দেখতে ও রাখতে পারে। গোপন কিছু লিখতে চাইলে Premium Model বা নিজের API Key ব্যবহার করুন।
Cloudflare Email, Resend, Amazon SES বা Acumbamail (যেটা সেই মুহূর্তে চালু, একটা না পারলে পরেরটা): ইমেইল পাঠাতে (আপনার নাম, ইমেইল ঠিকানা আর মেইলের লেখাটুকু তাদের কাছে যায়)
Cloudflare: হোস্টিং ও নিরাপত্তা, আর AI দিয়ে ছবি বানানোর প্রম্পটও Cloudflare Workers AI-তেই যায়
Amazon Web Services: ইমেইল পাঠাতে (Amazon SES, উপরে), আর দিনে একবারের ব্যাকআপ কপি, নিচে "ব্যাকআপ" অংশে বিস্তারিত
Google (Login): "Google দিয়ে Login" করলে আপনার নাম আর ইমেইল Google-এর কাছ থেকে আসে, আর Google জানতে পারে আপনি BanglaCodes-এ ঢুকেছেন
GitHub: নিজে GitHub কানেক্ট করলে তবেই অ্যাপের ফাইল আপনার repo-তে যায়; আপনার দেওয়া GitHub token এনক্রিপ্ট করে রাখা হয়
Pexels: বিল্ডারে ছবি খুঁজলে আপনার খোঁজার শব্দগুলো Pexels-এ যায়; আর সাইট বানানোর সময় প্রতিটা ছবির জায়গার জন্য মানানসই ছবি খুঁজতে ওই জায়গার বিষয়ের কয়েকটা শব্দ (যেমন "sweets shop") Pexels-এ যায়
Google Fonts আর fonts.maateen.me: সাইটের ফন্ট ওখান থেকে লোড হয়, তাই ওই দুই সার্ভার আপনার ব্রাউজারের IP ঠিকানা দেখে
Google Analytics: কোন পেজ কতবার দেখা হলো তার স্ট্যাটস (আপনার লেখা কনটেন্ট নয়)
Stripe: কার্ড পেমেন্ট কমপ্লিট করতে (কার্ডের তথ্য সরাসরি Stripe-এর কাছে যায়, আমরা দেখি না)
SSLCommerz: bKash, নগদ, রকেট, দেশি কার্ড আর ব্যাংকের পেমেন্ট কমপ্লিট করতে (পেমেন্টের তথ্য সরাসরি SSLCommerz-এর কাছে যায়, আমরা দেখি না)
এর বাইরে কারও সাথে আপনার তথ্য শেয়ার করা হয় না। কোনো তৃতীয় পক্ষের বিজ্ঞাপন নেটওয়ার্ক আমাদের সাইটে নেই।
Cookie
আমরা আপনাকে ট্র্যাক করি না। শুধু Google Analytics দিয়ে দেখি সাইটে মানুষ কী করছে, যেমন কোন পেজ কতবার দেখা হলো। ব্যাস, এইটুকুই।
দরকারি cookie: আপনার login session ধরে রাখে (httpOnly, ৩০ দিন)।
Login-এর সময়ের cookie: "Google দিয়ে Login" চাপলে bdcode_oauth_state নামে একটা cookie ১০ মিনিটের জন্য বসে, যাতে Google থেকে ফেরত আসা লিংকটা সত্যিই আপনার ব্রাউজার থেকে শুরু হয়েছে কি না মেলানো যায়। কাজ শেষে নিজে থেকেই মুছে যায়।
Analytics cookie: Google Analytics ব্রাউজারে _ga দিয়ে শুরু নামের দুটো cookie রাখে (সর্বোচ্চ ২ বছর), যাতে একই ব্রাউজার থেকে আবার এলে নতুন মানুষ হিসেবে না গোনে। এতে আপনার নাম বা ইমেইল থাকে না, একটা এলোমেলো নম্বর থাকে। ব্রাউজারে cookie বন্ধ করলে বা ad blocker থাকলে এটা বসে না, সাইট তবু ঠিকই চলে।
কোনো বিজ্ঞাপনের cookie নেই। আপনার তৈরি অ্যাপ, প্রম্পট বা চ্যাটের লেখা কখনো Analytics-এ যায় না।
শেয়ার লিংক বা password reset-এর গোপন কোড Analytics-এ পাঠানো হয় না, ওগুলো আগেই সরিয়ে ফেলা হয়।
IP ঠিকানা
অপব্যবহার ঠেকাতে (যেমন একই জায়গা থেকে বারবার ভুল password দেওয়া বা অসংখ্য account খোলা) আপনার IP ঠিকানা সাময়িকভাবে জমা থাকে, সর্বোচ্চ ৮ দিন। এরপর নিজে থেকেই মুছে যায়। শেয়ার করা অ্যাপে কতজন এসেছেন সেটা গোনার সময় IP সরাসরি জমা হয় না, তার বদলে একটা hash রাখা হয়, যেটা আমাদের সার্ভারের key ছাড়া উল্টে IP-তে ফেরানো যায় না।
আপনার অধিকার
যেকোনো সময় নিজের অ্যাপ ডাউনলোড বা GitHub-এ নিয়ে যেতে পারবেন
নিজে কোনো অ্যাপ মুছে ফেললে ৩০ দিন পর্যন্ত সেটা "মুছে ফেলা অ্যাপ" লিস্ট থেকে ফিরিয়ে আনা যায়, তারপর চিরতরে যায়
ফ্রি account-এ যে অ্যাপ কখনো লাইভ করা হয়নি, সেটা শেষ এডিটের ৬০ দিন পর অটোমেটিক "মুছে ফেলা অ্যাপ" লিস্টে সরে যায় এবং সেখানে এক বছর থাকে, তারপর চিরতরে মুছে যায়; লাইভ সাইট কখনো এভাবে সরে না। Pro account-এর অ্যাপ যতদিন account আছে ততদিন থাকে
মুছে ফেলা অ্যাপের সাথে তার সবচেয়ে নতুন ৫টা ভার্সন জমা থাকে, তার আগের ভার্সনগুলো থাকে না
account ও যাবতীয় data নিজেই মুছতে পারেন: সেটিংসের একদম নিচে "Account মুছে ফেলা" অংশে "Account মুছে ফেলতে চাই" চাপুন, তখনই মুছে যায়। না পারলে support@banglacodes.com-এ মেইল করুন বা BanglaCodes Facebook গ্রুপ-এ জানান, ৭ কর্মদিবসের মধ্যে মুছে দেওয়া হবে
ভুল তথ্য থাকলে কারেকশন চাইতে পারবেন
নিরাপত্তা
Password scrypt hashing-এ, API Key AES-256-GCM এনক্রিপশনে সেভ করা। পুরো সাইট HTTPS-এ চলে। তবু মনে রাখবেন, ইন্টারনেটে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা কেউ দিতে পারে না।
ব্যাকআপ আর তথ্য কোথায় জমা থাকে
একটা কোম্পানির account বন্ধ হয়ে গেলে যেন হাজার মানুষের কাজ একসাথে হারিয়ে না যায়, সেজন্য তথ্যের কপি দুই জায়গায় রাখা হয়। এটা আপনার জানা দরকার, কারণ এর মানে আপনার তথ্যের একটা কপি দেশের বাইরে যায়।
চালু সাইট, ছবি আর publish করা পেজ থাকে Cloudflare-এ। ওখানেই প্রতি ৬ ঘণ্টায় একটা করে ব্যাকআপ নেওয়া হয়।
এর বাইরে দিনে একবার একটা কপি যায় Amazon Web Services-এর মুম্বাই অঞ্চলে, অর্থাৎ ভারতে। সবচেয়ে নতুন ১০টা কপি রাখা হয়, তার চেয়ে পুরোনোগুলো নিজে থেকে মুছে যায়।
ছবি আর publish করা সাইটের ফাইলগুলোরও একটা কপি ওখানে যায়। ওই কপি নিজে থেকে কখনো মোছে না, কারণ বিপর্যয়ের কপির কাজই হলো যা হারিয়ে গেছে তা মনে রাখা।
কোনো কপিই কারো দেখার জন্য খোলা নয়, সবগুলো এনক্রিপ্ট করা অবস্থায় থাকে, আর কেবল সাইট ফিরিয়ে আনার কাজেই ব্যবহার হয়।
account মুছে দিলে চালু সার্ভার থেকে সব সরে যায়। ব্যাকআপে থেকে যাওয়া কপিগুলো ১০ দিনের মধ্যে নিজে থেকেই মুছে যায়, আর বাইরে রাখা ফাইলের কপি আপনার রিকোয়েস্টের সাথেই হাতে মুছে দেওয়া হয়।
শিশুদের ব্যবহার
১৩ বছরের কম বয়সীদের জন্য এই সার্ভিস নয়। অভিভাবকের তত্ত্বাবধানে ব্যবহার করাই ভালো।
যোগাযোগ
প্রাইভেসি নিয়ে যেকোনো প্রশ্ন: support@banglacodes.com · BanglaCodes Facebook গ্রুপ এনশামিমপ্রো (NShamimPRO), ১৮৩/৩, তেজকুনীপাড়া, তেজগাঁও, ঢাকা ১২১৫, বাংলাদেশ