দোকানের ঠিকানা, খোলার সময় আর ঘোষণা বার

সার্চে দোকানের ঠিকানা আর খোলার সময় দেখানোর জন্য সাইটে কী দিতে হয়?

সাইট ম্যানেজ পেজের "ব্যবসা ও চেহারা" ট্যাবে দোকানের নাম, ঠিকানা, ফোন, Google Maps লিংক, সোশ্যাল লিংক আর প্রতিটা দিনের খোলার সময় বসিয়ে সেভ করুন। এতে তথ্যগুলো Google-কে আলাদাভাবে জানানো হয়, তাই সার্চে ঠিকানা আর সময় দেখানোর সুযোগ তৈরি হয়। একই ট্যাবে ঘোষণা বার আর Google-এ না দেখানোর টিক; সাইটের রং আর ফন্ট পাশের "রং ও লোগো" ট্যাবে, চাপলেই লাইভ, AI লাগে না। সেভ Publish ছাড়াই লাইভ হয়।

এই ট্যাবটা কেন সবচেয়ে জরুরি

সাইটের ফুটারে ঠিকানা লেখা আছে, "যোগাযোগ" পেজে ফোন নম্বর আছে, হোম পেজে লেখা আছে সকাল ৯টা থেকে রাত ১০টা।

Google তবু জানে না।

মানুষ পড়ে বোঝে ওগুলো দোকানের ঠিকানা আর সময়। মেশিন বোঝে না, ওর কাছে ওগুলো পেজের আর যেকোনো লেখার মতোই। মেশিনকে আলাদা করে বলে দিতে হয়: এটা একটা ব্যবসা, নাম এই, ঠিকানা এই, শনিবার এই সময়ে খোলা।

এই ট্যাবের ফর্মটা পূরণ করলে সেই বলে দেওয়াটা নিজে থেকেই হয়ে যায়।

ব্যবসা ও চেহারা ট্যাব

তাতে লাভ কী

সার্চে দোকানের নাম লিখলে ঠিকানা আর "এখন খোলা" লেখাসহ দেখানোর সুযোগ তৈরি হয়। রাত ৯টায় কেউ "মিরপুর ১০ মিষ্টির দোকান" খুঁজলে ওই লেখাটা দেখা আর না দেখার পার্থক্যটাই একটা অর্ডার।

সাথে দুটো কম দৃশ্যমান লাভ: Google Maps-এর তথ্যের সাথে মিললে দুটো একে অপরকে সমর্থন করে, আর AI সহকারীগুলো (যেমন ChatGPT বা Claude) যখন কারও প্রশ্নের উত্তর খোঁজে, তখন এভাবে পরিষ্কার করে লেখা তথ্যটাই আগে পায়।

একটা সৎ কথা: তথ্য দিলেই Google দেখাবে এমন কোনো গ্যারান্টি নেই, সিদ্ধান্তটা ওদের। কিন্তু না দিলে সুযোগটাই থাকে না।

দোকান বা ব্যবসার তথ্য

সাইটে আসল নম্বর বসানো

AI আপনার দোকানের নম্বর জানে না, তাই বানানোর সময় সাইটে একটা নমুনা নম্বর বসায়: 01XXXXXXXXX, "[আপনার ফোন নম্বর]", বা এমন একটা নম্বর যা কারও না। ঠিকানা আর ইমেইলেও একই কথা।

এখানে আসল নম্বর, ইমেইল আর ঠিকানা দিয়ে সেভ করলে সাইটের সবগুলো নমুনা জায়গায় আপনারটা বসে যায়: লেখায়, "কল করুন" বাটনে, WhatsApp-এ অর্ডারের বাটনে আর ইমেইলের লিংকে। AI লাগে না, Token কাটে না, আর সাইট লাইভ থাকলে লাইভ সাইটেও সঙ্গে সঙ্গে বসে। প্রতিবারের মতো আগের ভার্সনটা জমা থাকে।

সাইটে যদি দেখতে সত্যিকারের মতো অন্য কারও নম্বর থাকে, ঘরের নিচে লেখা আসে "সাইটে এই নম্বরটা আছে"। আপনার না হলে "আমার নম্বর দিয়ে বদলান" চাপুন।

বিল্ডারেও একই কাজ হয়: বানানো শেষে সাইটে নমুনা নম্বর থাকলে চ্যাটের নিচে "আপনার আসল ফোন নম্বর দিন" কার্ড আসে, নম্বর লিখে "সাইটে বসিয়ে দিন" চাপলেই হলো।

বিকাশ, নগদ আর রকেট নম্বর

দোকানের তথ্যের ঠিক নিচে। "নম্বর যোগ করুন" চেপে ওয়ালেট, নম্বর আর ধরন (পার্সোনাল না মার্চেন্ট) দিন, তারপর নিচের "সেভ করুন"। প্রতিটা ওয়ালেটের একটা করে নম্বর। রকেটের নম্বর ১২ অঙ্কের: মোবাইল নম্বরের পরে আরও একটা অঙ্ক, রকেট অ্যাপে পুরোটা দেখা যায়।

যে পেজে অর্ডার ফর্ম আছে, বা দামসহ WhatsApp-এ অর্ডারের বাটন আছে, সেখানে একটা পেমেন্টের ঘর বসে যায়: প্রতিটা নম্বর, পাশে "কপি করুন" বাটন, আর পার্সোনাল নম্বরের নিচে "Send Money করে TrxID লিখে দিন", মার্চেন্ট নম্বরের নিচে "Payment করে TrxID লিখে দিন"। তার নিচে TrxID লেখার ঘর। কাস্টমার সেখানে TrxID লিখলে সেটা ফর্মে পাঠানো অর্ডারের সাথে, বা WhatsApp-এর অর্ডার মেসেজের শেষে আপনার কাছে চলে আসে।

সাইটে AI-এর বসানো নমুনা বিকাশ নম্বর থাকলে সেখানেও আপনার বিকাশ নম্বর বসে যায়। পেজে একই নম্বর আগে থেকে লেখা থাকলে ঘরে সেটা আর দ্বিতীয়বার আসে না। ঘরটা না চাইলে "অর্ডারের পেজে পেমেন্টের ঘর" টিকটা তুলে দিন। AI লাগে না, Token কাটে না।

খোলার সময়

প্রতিটা দিনের পাশে একটা টিক। টিক দেওয়া মানে ওই দিন খোলা, আর পাশে খোলা-বন্ধের সময় বসানোর ঘর।

যেদিন বন্ধ, সেদিনের টিক তুলে দিন। বন্ধের দিনটাও Google-কে জানানো হয়, কারণ শুক্রবার বন্ধ থাকা একটা তথ্য, তথ্যের অভাব নয়।

সময় ভুল দিবেন না। সাইটে রাত ১১টা লেখা দেখে কেউ সাড়ে ১০টায় এসে বন্ধ পেলে সেটা তথ্য না দেওয়ার চেয়েও খারাপ।

সোশ্যাল মিডিয়া

ফেসবুক, WhatsApp, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক। পুরো https:// ঠিকানা দিন।

এগুলোও Google-কে জানানো হয়, তাই দোকানের নাম আর ফেসবুক পেজ একসাথে চেনার সুযোগ তৈরি হয়।

কোণার WhatsApp বাটন

WhatsApp নম্বর দেওয়া থাকলে সাইটের নিচে ডান কোণায় একটা সবুজ গোল বাটন বসে যায়, প্রতিটা পেজে। কাস্টমার চাপলেই আপনার WhatsApp-এ মেসেজ লিখতে পারে। নম্বরটা নিজে লিখলেও চলে (০১XXXXXXXXX), লিংক বানানোর দরকার নেই।

না চাইলে সোশ্যাল মিডিয়ার ঘরের নিচের "সাইটের কোণায় WhatsApp বাটন" টিকটা তুলে দিন। সাইটে আগে থেকেই ভাসমান WhatsApp বাটন থাকলে দ্বিতীয়টা বসানো হয় না।

উপরের ঘোষণা বার

সাইটের একদম উপরে এক লাইনের একটা স্ট্রিপ। "ঈদে ৩ দিন বন্ধ", "আজ ঢাকায় ফ্রি ডেলিভারি", "আমাদের নতুন নম্বর", যা দরকার।

আগে এই কাজটার জন্য AI-কে বলে পুরো পেজ আবার বানাতে হতো, আর তাতে Token খরচ হতো। এখন লিখে সেভ চাপলেই হলো।

রং আর ফন্ট

সাইট ম্যানেজ পেজের নিজের ট্যাব, "রং ও লোগো"। রঙের জোড়ায় চাপলে নিচের নমুনাটা সঙ্গে সঙ্গে সেই রঙে দেখায়; "এই রং আর ফন্ট বসান" চাপলে লাইভ সাইটেও বসে যায়। AI লাগে না, Token কাটে না, Publish-ও করতে হয় না।

বিল্ডারের "ডিজাইন" বাটনেও এটাই খোলে, আর সেখানে পেজটাই সঙ্গে সঙ্গে নতুন রঙে দেখায়। পুরো ধাঁচটাই বদলাতে চাইলে (যেমন ঝকঝকে রঙিন থেকে দেশি ঐতিহ্য) ওই শিটের নিচের "পুরো ডিজাইনের ধাঁচ বদলান" চাপুন, সেটা AI দিয়ে নতুন করে সাজায়।

কিছু পুরনো সাইটে রং এভাবে বদলায় না, কারণ সেগুলো আগের নিয়মে বানানো। কার্ডটা তখন নিজেই বলে দেয়: "এই সাইটে রং বদলাতে একবার নতুন ডিজাইনে সাজিয়ে নিন"। ওর বাটনে চাপলে বিল্ডারে ডিজাইন বেছে একবার সাজিয়ে নিন (একটা AI বিল্ড), এরপর থেকে রং এখান থেকেই বদলাবে। ফন্ট সব সাইটেই এখনই বদলানো যায়।

লোগো বদলানো

একই ট্যাবে, রং আর ফন্টের নিচে। আঠারোটা লোগো দেখায়, সবগুলো আপনার সাইটের রঙে আর দোকানের নামে আঁকা: গোল, ঢাল, ছয়কোণা, শুধু নাম, আর দোকানের ধরন অনুযায়ী ছোট ছবি (কাপ, কাঁচি, ব্যাগ, বই ইত্যাদি)। পছন্দেরটায় চেপে "এই লোগো বসান" চাপুন: হেডার, ফুটার আর ব্রাউজারের ট্যাবের আইকন, তিন জায়গায় বসে যায়। AI লাগে না, আর সাইট লাইভ থাকলে লাইভেও সঙ্গে সঙ্গে বসে।

লোগোতে অন্য নাম চাইলে উপরের ঘরে লিখে "এই নামে দেখুন" চাপুন। নিজের বানানো লোগো থাকলে "নিজের লোগো আপলোড করুন" দিয়ে ছবিটা দিন।

এই লোগোগুলো সাইটের রং মেনে চলে, তাই পরে রং বদলালে লোগোর রংও সাথে বদলায়। কিছু পুরনো সাইটে লোগোর জায়গা চেনা যায় না, তখন কার্ডটা সেটা বলে দেয়, আর একবার নতুন ডিজাইনে সাজিয়ে নিলেই হয়।

সার্চ ইঞ্জিন

Google-এ সাইটটা দেখাতে চাই না। কাজ শেষ না হওয়া পর্যন্ত, বা সাইটটা শুধু নিজের লোকদের জন্য হলে টিক দিন। কাজ শেষে টিক তুলতে ভুলবেন না, নইলে সাইটটা কেউ খুঁজে পাবে না।

Google Analytics ID আর Facebook Pixel ID, দরকার হলে। না বুঝলে খালি রাখুন; কতজন এলো তার হিসাব সাইট ম্যানেজ পেজের "এক নজরে" ট্যাবে এমনিতেই আছে।

Google-এর ভেরিফাই কোড, Search Console যে এক লাইনের কোডটা দেয়। এটাও না বুঝলে ছেড়ে দিন।

সেভ

নিচের সেভ করুন বাটন। এই ট্যাবের কিছুই Publish করতে হয় না, সেভ করলেই লাইভ সাইটে বসে যায়।

সময় লাগে পাঁচ মিনিট, একবার। তারপর ঠিকানা বা সময় বদলালে এখানে ঢুকে বদলে দিলেই হলো।

এরপর পড়ুন