নিজের ডোমেইন যোগ করা: ধাপে ধাপে
নিজের ডোমেইন BanglaCodes-এর সাইটে কিভাবে যোগ করব?
সাইটটা Publish করুন, তারপর বিল্ডারের ডোমেইন বাটনে ঠিকানাটা লিখুন, http:// আর www ছাড়া। বাক্সে দুটো record দেখাবে: একটা CNAME, যেটা ঠিকানাটা আমাদের দিকে তাক করে, আর একটা TXT, যেটা প্রমাণ করে ডোমেইনটা আপনার। ডোমেইন কোম্পানির DNS প্যানেলে (ঠিকানার খাতা, DNS বা DNS Management নামে থাকে) দুটো হুবহু বসিয়ে ভেরিফাই চাপুন। সাধারণত ১০ থেকে ৩০ মিনিটে হয়ে যায়, HTTPS নিজে থেকেই বসে।
শুরুর আগে তিনটা জিনিস মিলিয়ে নিন
কাজটা দুই জায়গায় ভাগ হয়ে আছে: কিছুটা এখানে, কিছুটা যেখান থেকে ডোমেইন কিনেছেন সেখানে। শুরু করার আগে তিনটা জিনিস হাতে থাকা চাই।
- সাইটটা অন্তত একবার Publish করা। Publish না করা অ্যাপে ডোমেইনের জায়গাটাই খোলে না। সবুজ লাইভ ব্যাজটা দেখলে বুঝবেন হয়ে আছে।
- ডোমেইনটা সত্যিই আপনার। ডোমেইন কোম্পানির account-টা আপনার নামে আর আপনার email-এ থাকতে হবে। অন্য কারও account-এ থাকলে আগে নিজের নামে আনিয়ে নিন।
- ওই প্যানেলে আপনি নিজে login করতে পারেন। DNS-এর দুটো লাইন সেখানেই বসাতে হবে। login না থাকলে যাঁর কাছে আছে তাঁকে পাঁচ মিনিটের জন্য পাশে বসিয়ে নিন।
ডোমেইন এখনো কেনাই হয়নি? তাহলে আগের অধ্যায়টা আগে পড়ুন; কোথা থেকে কিনবেন আর নাম কীভাবে বাছবেন, সবটা ওখানে আছে।
বাটনটা কোথায়
- অ্যাপটা বিল্ডারে খুলুন।
- উপরে ডান দিকে তিন-বিন্দুর (···) বাটনটায় চাপুন, তার ভেতরে ডোমেইন আছে।
- একটা ছোট বাক্স খুলবে, তাতে একটা খালি ঘর আর যোগ করুন নামের একটা বাটন।

এই একই বাক্সে পরে আরও তিনটা জিনিস পাবেন:
- ভেরিফাই করার বাটন।
- DNS-এর তথ্য, মানে যে দুটো লাইন বসাতে হবে।
- ডোমেইন সরিয়ে ফেলার বাটন।

মানে পুরো কাজটা এই এক জায়গা থেকেই হয়, অন্য কোথাও যেতে হয় না।
ঠিকানাটা কীভাবে লিখবেন
ঘরে শুধু নামটা লিখুন, আর কিচ্ছু না। মানুষ এখানেই সবচেয়ে বেশি আটকায়, কারণ ব্রাউজারের ঠিকানার ঘরে আমরা যা দেখি, তার পুরোটা এখানে লিখতে হয় না।
http://বাhttps://লিখবেন না। তালাটা আমরা নিজেরাই বসিয়ে দিই, ওটা আপনার লেখার জিনিস নয়।- শুরুতে
www.লিখবেন না। www লাগবে কি না, সেটা নিচে আলাদা করে বলা আছে। - শেষে
/বা কোনো পেজের নাম দিবেন না। শুধু ঠিকানাটা, তার বেশি কিছু নয়। - সব ছোট হাতের ইংরেজি অক্ষরে লিখুন। বাংলা অক্ষর বা ফাঁকা জায়গা রাখবেন না।
ঠিক যেভাবে লেখা উচিত: aiinbangla.com। ব্যস, এইটুকুই।
যোগ করুন চাপলে নিচে একটা বাক্স খুলবে, তাতে দুটো record লেখা থাকবে। ওই দুটোই পরের ধাপের পুরো কাজ।

দুটো record, আর কোনটা কী করে
DNS কথাটা শুনতে ভারী, কিন্তু জিনিসটা আসলে একটা ঠিকানার খাতা: কোন নাম কোথায় তাক করা আছে, তার লিস্ট। ওই খাতায় দুটো লাইন যোগ করতে হবে, তার বেশি কিছু নয়।
| record | কী করে | না বসালে |
| CNAME | ঠিকানাটা আমাদের দিকে তাক করে, এটাই আসল কাজের লাইন | ডোমেইন লিখলে ব্রাউজারে কিছুই খুলবে না |
| TXT | প্রমাণ করে ডোমেইনটা আপনার | আগে অন্য account-এ যুক্ত থাকা ডোমেইন ভেরিফাই হবে না |
- TXT লাইনে একটা কোড বসে, যেটা শুধু আপনার অ্যাপের ভেতরেই দেখা যায়।
- TXT-এর নামটা হয়
_banglacodes.আপনার-ডোমেইনআকারের, আর মানটা বাক্সে লেখা কোডটা। - প্রথমবার কোনো ডোমেইন যোগ করলে দুটোর যেকোনো একটা মিললেই ভেরিফাই হয়ে যায়।
- ডোমেইনটা আগে অন্য কোনো account-এ যুক্ত থাকলে TXT লাইনটা বসাতেই হবে।
কারণটা সোজা: CNAME দেখে বোঝা যায় ডোমেইনটা আমাদের দিকে তাক করা আছে, কিন্তু কে তাক করল সেটা বোঝা যায় না, আর ওই ফাঁকেই কেউ অন্যের ডোমেইন নিজের সাইটে বসিয়ে নিতে পারত।
বাক্সে যা লেখা আছে হুবহু সেটাই কপি করুন, নিজে থেকে কিছু যোগ বা বাদ দিবেন না। এক অক্ষর এদিক-ওদিক হলে record-টা কাজ করবে না, অথচ কোথাও কোনো error মেসেজও দেখাবে না।
ডোমেইন কোম্পানির প্যানেলে কী করবেন
- যেখান থেকে ডোমেইন কিনেছেন সেই সাইটে login করুন।
- DNS, DNS Management, Advanced DNS, Zone Editor বা Manage DNS নামের অংশটা খুঁজুন। নাম বদলায়, ভেতরের জিনিস সব জায়গায় প্রায় একই।
- Add Record বা Add New Record বাটনটা চাপুন, কয়েকটা খালি ঘর খুলবে।
- ঘরগুলো নিচের নিয়মে ভরুন, তারপর Save বা Add চাপুন।
- TXT লাইনটার জন্য আবার একই কাজ করুন। দুটো লাইন বসানো হলে ওই পেজটার কাজ শেষ।
ঘরগুলোর নাম কোম্পানিভেদে একটু বদলায়, কিন্তু কাজ এক:
- Type: কোন ধরনের record বসাচ্ছেন। লিস্ট থেকে CNAME বাছুন, TXT লাইনটার সময় TXT।
- Name বা Host: ঠিকানার কোন অংশটা। সাইটের জন্য আমাদের বাক্সে আপনি ঠিক যেটা লিখেছেন, সেটাই:
wwwলিখে থাকলেwww, খালি ঠিকানা (aiinbangla.com) লিখে থাকলে@বা খালি রাখুন, নিচের "www না খালি ঠিকানা" অংশে বিস্তারিত। TXT-এর জন্য_banglacodesদিয়ে শুরু হওয়া নামটা। - Value, Target বা Points to: কোথায় তাক করবে। আমাদের বাক্সে দেখানো ঠিকানাটা বা কোডটা হুবহু বসান।
- TTL: কতক্ষণ মনে রেখে দিবে। Auto অপশন থাকলে Auto-ই রাখুন, না থাকলে ৩৬০০ লিখে দিন।
একটা ফাঁদ অনেককে ঘোরায়: ডোমেইনের nameserver অন্য কোথাও দেখানো থাকলে record বসাতে হবে ঠিক সেখানেই, যেখান থেকে কিনেছেন সেখানে নয়। বুঝতে না পারলে কোম্পানির সাপোর্টে এক লাইন লিখুন: আমার ডোমেইনে একটা CNAME record বসাতে চাই, কোথায় বসাব? এটা তাদের রোজকার কাজ, দুই মিনিটে বলে দিবে।
www না খালি ঠিকানা
দুই রকম ঠিকানা হয়। সামনে কিছু লাগানো নেই যেটায়, প্রযুক্তির ভাষায় তাকে বলে apex বা root।
| ঠিকানা | যা বসাতে হয় | যা জানা দরকার |
www.aiinbangla.com | CNAME | সব কোম্পানিই www-তে CNAME বসাতে দেয়, তাই কাজটা সহজ |
aiinbangla.com, apex | CNAME, নয়তো ALIAS বা ANAME | অনেক কোম্পানি খালি ঠিকানায় CNAME বসাতে দেয় না |
- apex-এ CNAME না পেলে ALIAS বা ANAME ব্যবহার করুন, ওটাই ওদের রাখা বিকল্প।
- কোনোটাই না থাকলে TXT record দিয়ে ভেরিফাই করে নিন।
- ভবিষ্যতে ডোমেইনটা এমন কোথাও রাখুন যেখানে খালি ঠিকানায় CNAME চলে।
- দুটো ঠিকানাই কাজ করুক চান? এখানে একটা অ্যাপে একটাই ডোমেইন বসে, তাই যেকোনো একটা এখানে যোগ করুন।
- অন্যটাকে ডোমেইন কোম্পানির প্যানেল থেকে ওটার দিকে redirect করে দিন। ওদের প্যানেলে জিনিসটার নাম সাধারণত URL Redirect বা Forwarding।
ওই নামে আগে থেকে একটা লাইন বসানো থাকলে
এইখানে সবচেয়ে বেশি মানুষ আটকায়, আর লক্ষণটা এমন যে দোষটা নিজের মনে হয় না।
নিয়মটা সোজা: একটা নামে হয় CNAME বসবে, নয়তো A বা AAAA, দুটো একসাথে নয়। এটা কোনো কোম্পানির খেয়াল নয়, DNS-এর নিজের নিয়ম।
খালি ঠিকানায় প্রায় সময়ই আগে থেকে একটা A লাইন বসানো থাকে: ডোমেইন কেনার পর কোম্পানি নিজেরাই একটা পার্কিং পেজ বা redirect বসিয়ে রাখে। সেটা যতক্ষণ আছে, ততক্ষণ নতুন CNAME হয় বসবেই না, নয়তো বসবে কিন্তু ব্রাউজারে পুরোনো পেজটাই খুলতে থাকবে।
- যে নামে CNAME বসাবেন, ওই নামের লিস্টটা আগে দেখে নিন।
- ওই নামের A আর AAAA লাইনগুলো মুছে দিন।
- তারপর CNAME লাইনটা বসান।
- মেইলের MX লাইনগুলো মুছবেন না। ওগুলো আলাদা কাজের, আর ওগুলো থাকলেও খালি ঠিকানায় CNAME বসে; মেইল আগের মতোই চলবে।
_banglacodesদিয়ে শুরু হওয়া TXT লাইনটাও থাকবে, ওটা অন্য নামে বসে।- Cloudflare-এ থাকলে সাইট দেখানোর জন্য কমলা মেঘ (proxy) চালু বা বন্ধ, দুইভাবেই চলে।
- তবে খালি ঠিকানায় (apex) CNAME লাইনটা কখনোই বাইরে থেকে দেখা যায় না, কমলা মেঘ বন্ধ করলেও না। DNS-এর নিয়মেই খালি ঠিকানায় CNAME রাখা যায় না, তাই Cloudflare ওটাকে ভেতরে A লাইনে বদলে নেয়। মানে খালি ঠিকানার মালিকানা প্রমাণ করতে TXT লাইনটাই একমাত্র পথ, ওটা বসাতেই হবে।
মুছে ফেলার আগে পুরোনো লাইনটার Type আর Value একটা জায়গায় টুকে রাখুন। কখনো ফিরতে চাইলে ওই দুটো দিয়েই আগের অবস্থায় ফেরানো যায়।
ভেরিফাই চাপুন, তারপর একটু অপেক্ষা
- record দুটো বসানো হয়ে গেলে BanglaCodes-এর ডোমেইন বাক্সে ফিরে আসুন।
- ভেরিফাই করুন চাপুন। আমরা DNS পড়ে দেখি লাইনগুলো সত্যিই বসেছে কি না, আর তবেই ডোমেইনটা আপনার সাইট দেখানো শুরু করে।
- প্রথমবার না মিললে ঘাবড়াবেন না, এক কাপ চা খেয়ে এসে আবার চাপুন।
- মিলে গেলে ব্রাউজারে ডোমেইনটা লিখুন, সাইট চলে আসবে।

- DNS-এর বদল সারা দুনিয়ায় ছড়াতে সময় লাগে: সাধারণত ১০ থেকে ৩০ মিনিট, কখনো ২৪ ঘণ্টা পর্যন্ত।
- বারবার ভেরিফাই চাপলে কোনো ক্ষতি নেই, কোনো Token-ও খরচ হয় না।
- HTTPS-এর তালাটা নিজে থেকেই বসে যায়, আপনাকে কিছু কিনতে বা বসাতে হয় না।
- ওটা বসতে শুরুতে ১৫ মিনিট পর্যন্ত লাগতে পারে, তাই প্রথম কয়েক মিনিটে ব্রাউজার Not secure দেখালে একটু সময় দিন।
এটাই শেষ ধাপ। নিচের ছবিটা সাজানো নয়: এটা সত্যিই একটা BanglaCodes সাইট, চলছে demo.nerdsx.com ঠিকানায়, উপরের ধাপগুলো ঠিক এভাবেই মেনে।

ফোনেও একইভাবে খোলে, আলাদা কিছু করতে হয় না।

যে খরচটা একবারই লাগে
- ভেরিফাই হয়ে সাইটটা যেই মুহূর্তে নিজের ডোমেইনে চালু হয়, ঠিক তখনই হোস্টিংয়ের একবারের ফি লাগে: ৳৬,৯৯৯। আগে থেকেই ডোমেইন অংশের "হোস্টিংটা নিয়ে নিন" চেপে বিকাশ, নগদ বা কার্ডে দিয়ে রাখতে পারেন; না দিলে ব্যালেন্সে ২৪,৪৯,৬৫০ Token থাকলে সেখান থেকে কাটে।
- তাই ভেরিফাই চাপার আগে ব্যালেন্সটা একবার দেখে নিন।
- এরপর হোস্টিংয়ের জন্য আর কিছু দিতে হবে না: হোস্টিংয়ের রিনিউ নেই, মাসিক বিল নেই। ডোমেইনের বছরের রিনিউ আপনার রেজিস্ট্রারে।
- Business হোস্টিং (৳১৪,৪৯৯) বা Commerce হোস্টিং (৳২৩,৯৯৯) আগে থেকে নেওয়া থাকলে এই ৳৬,৯৯৯ ওই দামের ভেতরেই ধরা, আলাদা করে কাটে না।
- ফর্মের অর্ডার বা মেসেজ যদি এমনিতেই লাগে, ওদিক থেকে শুরু করাই সাশ্রয়ী।
ডোমেইনের নিজের বাৎসরিক ভাড়াটা এর মধ্যে নেই। ওটা আপনি ডোমেইন কোম্পানিকে দিতে থাকবেন, আর সেটা কোনো হোস্টিং কোম্পানিই মাফ করতে পারে না।
যে সাইটগুলো রাখা যাবে না
ডোমেইন বাক্সেই একটা ছোট লাইন আছে, "যেসব সাইট রাখা যাবে না"। ওটায় চাপলে পুরো লিস্টটা খুলে যায়। টাকা দেওয়ার আগে একবার পড়ে নিন, কারণ এই নিয়মগুলো ভাঙলে সাইট সরিয়ে দেওয়া হয় টাকা ফেরত ছাড়াই।

- প্রতারণা, ফিশিং, বা কারও তথ্য বা টাকা হাতিয়ে নেওয়ার সাইট।
- ভাইরাস, ম্যালওয়্যার বা ক্ষতিকর ফাইল ছড়ানো।
- বেআইনি জিনিস, মাদক, অস্ত্র বা জুয়ার সাইট।
- অশ্লীল, প্রাপ্তবয়স্ক বা শিশু-নিপীড়নমূলক কনটেন্ট।
- অন্যের কপিরাইট করা লেখা, ছবি, ভিডিও বা সফটওয়্যার চুরি।
- ঘৃণা ছড়ানো, হুমকি, বা কাউকে হয়রানি করা।
- অন্য কারও মুখ বা পরিচিত ব্যক্তির ছবি অনুমতি ছাড়া ভিডিওতে।
সাধারণ দোকান, পোর্টফোলিও, বুকিং, স্কুল বা অফিসের সাইটে এসবের কিছুই পড়ে না। লিস্টটা রাখা আছে যাতে কেউ পুরো ডোমেইনটার সুনাম নষ্ট করতে না পারে, কারণ একটা খারাপ সাইট ধরা পড়লে ব্রাউজার গোটা হোস্টিংটাকেই সন্দেহ করে।
কিছু না হলে: লক্ষণ, কারণ, সমাধান
| যা দেখছেন | কী হয়েছে | কী করবেন |
| ডোমেইনটা যোগই করা গেল না | ঠিকানায় বাড়তি কিছু আছে, অথবা ডোমেইনটা আগে থেকে অন্য কোথাও যুক্ত | http://, শুরুর www. আর শেষের / সরিয়ে আবার দিন |
| ভেরিফাই কিছুতেই মিলছে না | DNS-এর বদল এখনো সবখানে ছড়ায়নি | ১৫ মিনিট পর আবার চাপুন, দরকারে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় দিন |
| ভেরিফাই হলো, তবু সাইট খুলছে না | CNAME লাইনটার Type বা Value ভুল | Type সত্যিই CNAME কি না দেখুন, আর Value বাক্সের লেখাটার সাথে হুবহু মিলিয়ে নিন |
| www চলে, খালি ঠিকানা চলে না | কোম্পানি apex-এ CNAME নেয়নি | ALIAS বা ANAME ব্যবহার করুন, নয়তো খালি ঠিকানাটা www-তে redirect করে দিন |
| CNAME বসাতে দিচ্ছে না, নয়তো বসল কিন্তু পুরোনো পেজই খোলে | ওই নামে আগে থেকে A বা AAAA লাইন বসানো আছে | ওই নামের A আর AAAA মুছে তারপর CNAME বসান; MX (মেইল) লাইনগুলো রেখে দিন |
| record বসালাম, তবু কিছুই বদলায় না | ডোমেইনের nameserver অন্য কোথাও দেখানো | nameserver যেখানে দেখাচ্ছে, record ঠিক সেখানেই বসান |
| ব্রাউজারে Not secure লেখা আসছে | HTTPS-এর তালাটা এখনো বসছে | ১৫ মিনিট অপেক্ষা করুন, এক ঘণ্টার বেশি লাগলে আমাদের জানান |
ডোমেইন যোগ করার পর ভেরিফাই হলো কি না সেটা সাইট ম্যানেজ পেজ থেকেও দেখা আর চাপ দিয়ে ভেরিফাই করা যায়; দেখুন সাইট ম্যানেজ করুন।