সহজ একটা গেম বানানো
বাংলায় লিখে কি মোবাইলে খেলার মতো একটা গেম বানানো যায়?
যায়। বিল্ডারে বাংলায় নিয়মটা লিখে দিলেই কুইজ, মেমোরি গেম, Snake, ধরো ধরো, শব্দের খেলা বা লুডু ধাঁচের বোর্ড গেম তৈরি হয়ে যায় এবং ফোনে আঙুল দিয়েই খেলা যায়। নম্বর, লেভেল আর সর্বোচ্চ স্কোরও রাখা যায়, তবে স্কোর যে ফোনে খেলা হয়েছে সেই ফোনেই থাকে। শেষে শেয়ার লিংক পাঠালেই বন্ধুরা খেলতে পারবে।
কী বানাবেন
গেম মানেই বিশাল কিছু না। ব্রাউজারে খোলে আর ফোনে আঙুল দিয়ে খেলা যায়, এমন ছোট গেমই সবচেয়ে ভালো শুরু। নিয়ম ছোট, বোঝানো সহজ, আর বন্ধুকে লিংক পাঠালেই সে সাথে সাথে খেলতে পারে। কিছু নামাতে হয় না, অ্যাকাউন্ট খুলতে হয় না।

যেসব ধরন এখানে সবচেয়ে সুন্দর দাঁড়ায়:
- কুইজ: দশটা প্রশ্ন, চারটা করে উত্তর, শেষে নম্বর আর কোনটা ভুল হলো তার লিস্ট।
- মেমোরি গেম: উল্টানো কার্ড মিলিয়ে জোড়া বের করা। ছোটদের জন্য দারুণ।
- Snake: সোয়াইপ করে সাপ চালানো, খাবার খেলে লম্বা হওয়া, দেয়ালে লাগলে শেষ।
- ধরো ধরো: উপর থেকে আম পড়ছে, নিচের ঝুড়ি ডানে বাঁয়ে সরিয়ে ধরতে হবে।
- শব্দের খেলা: এলোমেলো অক্ষর সাজিয়ে বাংলা শব্দ বানানো, বা হিডেন শব্দ খোঁজা।
- লুডু ধাঁচের বোর্ড: ছক্কা, ঘুঁটি, ঘর গোনা, দুজনে এক ফোনে পালা করে খেলা।
ধাপে ধাপে
ধাপ ১: বিল্ডারে গিয়ে গেমের একটা নাম লিখে বানানো শুরু করুন। নাম দিলেই প্রম্পটের ঘরে একটা শুরুর লেখা বসে যায়, সেটাই আপনি ঘষেমেজে নিবেন।
ধাপ ২: নিয়মটা এমন করে লিখুন যেন যে পড়ছে সে জীবনে গেমটা দেখেনি। চারটা কথা থাকলেই যথেষ্ট: পর্দায় কী দেখা যাবে, খেলোয়াড় কী করবে, কখন নম্বর বাড়বে, আর কখন গেম শেষ হবে।
বাংলাদেশের ইতিহাস নিয়ে একটা কুইজ গেম বানাও। ১০টা প্রশ্ন, প্রতিটার ৪টা অপশন। সঠিক উত্তরে ঘরটা সবুজ হবে, ভুল হলে লাল হবে আর সাথে সাথে ঠিক উত্তরটা বলে দিবে। প্রতি প্রশ্নে ১৫ সেকেন্ড সময়, উপরে সময় কমার একটা বার। শেষে ১০-এ কত পেলাম দেখাবে আর আবার খেলার বাটন থাকবে। পুরোটা বাংলায়, ফোনে দেখতে সুন্দর হতে হবে।
ধাপ ৩: প্রথম চেহারাটা এলে নিজে খেলে দেখুন। যা যা খচখচ করছে সেগুলো একটা একটা করে বলুন, যেমন "বাটনগুলো আরও বড় করো" বা "ভুল উত্তরে একটু কাঁপুনি দাও"। একসাথে পাঁচটা বদল চাইলে ফল খারাপ হয়, একটা করে বললে চমৎকার হয়।
ধাপ ৪: নম্বরের হিসাবটা নিজে বলে দিন, না বললে AI নিজের মতো ধরে নিবে। কোনটায় কত পয়েন্ট, ভুল হলে পয়েন্ট কাটা যাবে কি না, কত পয়েন্টে পরের লেভেল, সব লিখে দিন।
একটা Snake গেম বানাও, পুরোটা ফোনের জন্য। সোয়াইপ করে সাপ ঘোরানো যাবে, নিচে বড় চারটা তীর বাটনও থাকবে। একটা খাবার খেলে ১০ পয়েন্ট আর সাপ এক ঘর লম্বা হবে, প্রতি ৫০ পয়েন্টে সাপের গতি একটু বাড়বে। নিজের গায়ে বা দেয়ালে লাগলে গেম শেষ। উপরে এখনকার স্কোর আর পাশে আমার সর্বোচ্চ স্কোর দেখাবে।
ধাপ ৫: পছন্দ হলে শেয়ার চাপুন। লিংকটা WhatsApp বা ফেসবুকে দিয়ে দিন, যার কাছে যাবে সে ফোনেই খেলতে পারবে। চাইলে বলুন "ফোনের হোম স্ক্রিনে বসানোর মতো করে দাও", তাহলে গেমটা অ্যাপের মতো আইকন নিয়ে বসবে এবং ইন্টারনেট ছাড়াও চলবে।
আরও ভালো করার কৌশল
- এক বুড়ো আঙুলের নিয়ম। সব বাটন পর্দার নিচের দিকে রাখতে বলুন, আর বাটন যেন আঙুলের চেয়ে বড় হয়। ছোট বাটনে মানুষ বিরক্ত হয়ে গেম ছেড়ে দেয়।
- শুরুতেই একটা পর্দা। "খেলার নিয়ম" আর "শুরু করুন" বাটনসহ একটা প্রথম পর্দা চান। নতুন কেউ লিংকে ঢুকে বুঝতে পারবে কী করতে হবে।
- শব্দ আর রঙে প্রাণ। সঠিক উত্তরে ছোট একটা টুং শব্দ, শেষে রঙিন কুচি, এইটুকুতেই গেমটা অনেক জ্যান্ত লাগে।
- প্রশ্ন আলাদা ফাইলে। কুইজ হলে বলুন প্রশ্নগুলো যেন আলাদা একটা লিস্টের ফাইলে থাকে। পরে শুধু "এই ১০টা নতুন প্রশ্ন বসাও" বললেই হবে।
- স্কোরের সত্যি কথা। সর্বোচ্চ স্কোর যার ফোনে সে খেলেছে সেই ফোনেই জমা থাকে। সবার স্কোর এক জায়গায় মিলিয়ে লিস্ট বানানো যায় না, কারণ বানানো অ্যাপে বাইরের কোনো ডেটাবেস থাকে না।
যেসব ভুল অনেকে করেন
- নিয়ম আধা বলে দেওয়া। "একটা মজার গেম বানাও" বললে যা আসে তা আপনার মনের গেম না। নিয়মটা লিখুন, দরকার হলে খাতায় লিখে তারপর টাইপ করুন।
- কম্পিউটারের কথা ভেবে বানানো। বেশিরভাগ মানুষ ফোনে খেলবে। প্রথম লাইনেই লিখে দিন যে এটা ফোনের জন্য।
- একসাথে অনেক লেভেল চাওয়া। আগে এক লেভেল ঠিকঠাক চলুক, তারপর লেভেল বাড়ান। ভাঙলে কোথায় ভাঙল বোঝা সহজ হবে।
- দুই ফোনে একসাথে খেলার আশা। এক ফোনে পালা করে দুজনে খেলা যায়, কিন্তু দুই ফোন থেকে একই খেলায় ঢোকা যায় না। বানানো অ্যাপ ইন্টারনেটের ওপারে কারও সাথে কথা বলতে পারে না।
এরপর কী করবেন
গেমটা দাঁড়িয়ে গেলে ছোট ছোট জিনিস যোগ করুন: নামের ঘর, খেলার শেষে "আমি ৮০ পেয়েছি" লেখা শেয়ার বাটন, অথবা ছবি দিয়ে সাজানো কার্ড। ছবি লাগলে বিল্ডারের ছবি খোঁজার বাটন থেকে বেছে নিন, বা বাংলায় বর্ণনা দিয়ে AI দিয়ে ছবি বানিয়ে নিন। মনে রাখবেন, বানানো ছবির ভেতরে বাংলা লেখা বসে না, তাই লেখাটা গেমের পেজে রাখুন, ছবির ভেতরে নয়। আর প্রতিবার বদলের আগে নিজে থেকেই সেভ হয়ে যায়, তাই ভয় না পেয়ে যা খুশি চেষ্টা করুন, পছন্দ না হলে আগের ভার্সনে ফিরে যান।
নতুনদের যত প্রশ্ন
গেম বানানো তো অনেক কঠিন শুনেছি।
বড় স্টুডিওর গেম কঠিন, কিন্তু সাপ, কুইজ, ধাঁধা এসব এক প্রম্পটেই হয়ে যায়। বানিয়েই দেখুন, সবচেয়ে মজার শুরু এটাই।
আমার গেম কি Play Store-এ উঠবে?
উঠতে পারে। গেমটা লাইভ করুন, তারপর বিল্ডারের টুলের সারিতে "Android অ্যাপ" বাটনে চাপুন। ৫ থেকে ১২ মিনিটে দুটো ফাইল পাবেন: বন্ধুদের WhatsApp-এ পাঠানোর .apk আর Play Store-এর .aab। প্রথম অ্যাপটা ফ্রি, এরপরের প্রতিটা বিল্ডে ১০ হাজার প্রিমিয়াম Token; ফ্রি AI টোকেন দিয়ে হয় না। .aab ফাইলটা নিজের Google Play ডেভেলপার account থেকে তুলুন, Google রিভিউ করে তবেই ছাড়ে। শুরুতে লিংক শেয়ারই যথেষ্ট, বন্ধুরা এক টোকায় খেলবে।
স্কোর কি সবাই মিলে দেখা যাবে?
প্রত্যেকের সেরা স্কোর তার নিজের ফোনে জমা থাকে। সবাই মিলিয়ে দেখতে চাইলে স্ক্রিনশট তুলনাই সহজ পথ।