ফোনে বসানো অ্যাপ (PWA) আর ওয়েব অ্যাপের পার্থক্য
PWA কী, আর নিজের সাইট থেকে Android অ্যাপ (.apk, .aab) বানিয়ে Play Store-এ দেওয়া যায় কিভাবে?
দুইভাবে। PWA মানে লাইভ সাইটটাই ফোনের হোম স্ক্রিনে নিজের আইকন নিয়ে বসে; ফ্রি ঠিকানাতেও চলে। আসল অ্যাপ ফাইল চাইলে লাইভ সাইট থেকে এক চাপে সাইন করা Android অ্যাপ হয়: ফোনে ইনস্টলের .apk আর Play Store-এর .aab। প্রথম অ্যাপটা ফ্রি, এরপরের প্রতিটা বিল্ডে ১০ হাজার প্রিমিয়াম Token। অ্যাপটা লাইভ সাইটটাই খোলে, তাই Publish করলেই অ্যাপেও বদল দেখায়। Play Store-এ তুলতে নিজের Google Play ডেভেলপার account লাগে।
PWA মানে কী, সহজ কথায়
PWA হলো আপনার বানানো সেই ওয়েব অ্যাপটাই, শুধু ফোনে বসানো যায় এমন করে সাজানো। ইউজার সাইটটা ফোনে খুলে ব্রাউজারের মেনু থেকে হোম স্ক্রিনে যোগ করেন।

বসানোর পর সেটা যেকোনো অ্যাপের মতোই:
- নিজের আইকন আর নিজের নাম।
- চাপ দিলে পুরো পর্দা জুড়ে খোলে।
- উপরে ব্রাউজারের অ্যাড্রেস বার থাকে না।
দুটো জিনিস আলাদা করে বুঝে নিন, তাহলে বাকিটা সহজ:
- ওয়েব অ্যাপ হলো কাজটা: হিসাব, ফর্ম, লিস্ট, সার্চ, যা কিছু সাইটটা করে। এটাই মূল জিনিস।
- PWA হলো মোড়কটা: ওই একই সাইট ফোনের হোম স্ক্রিনে বসে গেল, ব্রাউজার খোলার ধাপটা বাদ পড়ল।
PWA আলাদা কোনো অ্যাপ নয়, নতুন করে বানানোরও কিছু নেই। যে সাইটটা আপনি বানিয়েছেন, সেটাই ইনস্টল হয়। তাই আগে অ্যাপটা ভালো করে বানান, ইনস্টলের ব্যাপারটা শেষে।
লাইভ সাইট থেকে Android অ্যাপ (.apk, .aab)
PWA-তে প্রত্যেককে নিজে হোম স্ক্রিনে যোগ করতে হয়। কেউ কেউ চান আসল একটা অ্যাপ ফাইল, যেটা WhatsApp-এ পাঠানো যায় বা Play Store-এ রাখা যায়। সেটাও এখন হয়: লাইভ যেকোনো সাইট থেকে BanglaCodes সাইন করা আসল Android অ্যাপ বানিয়ে দেয়, দুটো ফাইলে।
- .apk: ফোনে সরাসরি ইনস্টলের ফাইল। WhatsApp-এ "Document" হিসেবে (ছবি বা ভিডিও হিসেবে নয়) বা মেসেঞ্জারে ফাইল হিসেবে পাঠালে যিনি পাবেন তিনি ফাইলে চাপলেই অ্যাপ বসে যায়।
- .aab: Google Play Console যে ফাইলটা চায়। Play Store-এ অ্যাপ তুলতে এটাই লাগে।
ফ্রি ঠিকানাতেও (apnar-site.banglacodes.app) হয়, ভেরিফাই করা নিজের ডোমেইনেও। account verify করা থাকতে হয়।
খরচ: প্রথম অ্যাপটা ফ্রি। এরপরের প্রতিটা বিল্ডে, নতুন অ্যাপ হোক বা একই অ্যাপের নতুন ভার্সন, ১০ হাজার প্রিমিয়াম Token কাটে; ফ্রি AI টোকেন দিয়ে হয় না। বানানো শেষ না হলে Token নিজে থেকেই ফেরত আসে। প্রথম অ্যাপের বিল্ড শেষ না হলে পরের চেষ্টাটাও ফ্রি থাকে। সাইট আপডেটে নতুন বিল্ড লাগে না, আর নিজের ডোমেইন ভেরিফাই করার পর ঠিকানা বদলালে সেই ঠিকানার নতুন ভার্সনটাও ফ্রি।
- সাইটটা লাইভ করুন। অ্যাপটা আপনার লাইভ সাইটটাই খোলে, তাই আগে Publish লাগে।
- বিল্ডারে টুলের সারিতে "Android অ্যাপ" বাটনে চাপুন। সাইট লাইভ না থাকলে আগে লাইভ হবে, তারপর "অ্যান্ড্রয়েড অ্যাপ" কার্ড খুলবে। একই কার্ড আছে উপরের "লাইভ আছে" বাটনের শিটে, আর সাইট ম্যানেজ পেজেও; সেখানে "অ্যাপ বানান" চাপুন।
- নাম আর আইকন দেখে নিন। নাম সাইটের নাম থেকে বসানো থাকে, চাইলে বদলান। আইকনে আগে সাইটের নিজের লোগো দেখাবে; চাইলে নামের প্রথম অক্ষর দিয়ে বানানো আইকন, বা আপনার বানানো বা আপলোড করা যেকোনো ছবি বেছে নিন। অক্ষরের আইকন আর অ্যাপের ওপরের বারের রং আসে আপনার সাইটের রং থেকেই ("রং আর ফন্ট"-এ বদলানো রং থাকলে সেটা)।
- "অ্যাপ বানানো শুরু করুন" চাপুন। সাধারণত ৫ থেকে ১২ মিনিট লাগে। পেজ বন্ধ করলেও বানানো চলে, ফাইলগুলো একই কার্ডে অপেক্ষা করে, আর শেষ হলে email-এ জানিয়ে দেওয়া হয়।
- ফাইল নামান। নিজের ফোনে বসাতে বা কাউকে পাঠাতে .apk নিন; কাস্টমারদের WhatsApp-এ "Document" হিসেবে পাঠান। ফোন যদি জিজ্ঞেস করে এই জায়গা থেকে অ্যাপ বসাতে দিবেন কি না, "অনুমতি দিন" চাপুন।
- Play Store-এ তুলতে চাইলে .aab ফাইলটা নিজের Google Play ডেভেলপার account থেকে Play Console-এ আপলোড করুন। account খুলতে Google একবার একটা রেজিস্ট্রেশন ফি নেয়, আর অ্যাপটা রিভিউ করে তবেই ছাড়ে; নতুন ব্যক্তিগত account-এ অনেক সময় আগে কয়েকজন টেস্টার নিয়ে ছোট একটা ক্লোজড টেস্ট চালাতে হয়। আপলোডের কাজটা আপনার account থেকেই হয়, BanglaCodes আপনার হয়ে সেটা করে না।
- পরে সাইট বদলালে শুধু আবার Publish করুন। অ্যাপটা আপনার লাইভ সাইটটাই পুরো পর্দায় খোলে (একে Trusted Web Activity বলে), তাই নতুন বিল্ড লাগে না, Play Store-এর রিভিউও লাগে না। নতুন করে বানাতে হয় শুধু অ্যাপের নাম বা আইকন বদলাতে চাইলে: তখন "নতুন ভার্সন বানান" চাপুন। নতুন ভার্সনও একটা বিল্ড, তাই এতে ১০ হাজার প্রিমিয়াম Token কাটে।
অ্যাপের সাইন করার চাবি (keystore) আমরা রেখে দিই। তাই পরের প্রতিটা ভার্সন আগের অ্যাপেরই আপডেট হিসেবে বসে, কাউকে আগেরটা মুছে নতুন করে ইনস্টল করতে হয় না।
একজন দিনে ২টা পর্যন্ত অ্যাপ বানাতে পারেন। একদম শুরু থেকে ফোনের কথা ভেবে অ্যাপ বানাতে চাইলে চ্যাটে "Android অ্যাপ" বাটনে চাপুন: বিল্ডারে ফোনের মাপে সাজানো একটা অ্যাপ শুরু হবে। সেটা লাইভ করে তারপর উপরের ধাপগুলো করুন।
iPhone-এর জন্য আলাদা অ্যাপ ফাইল নেই। iPhone-এ Safari দিয়ে সাইটটা খুলে Add to Home Screen করলেই হোম স্ক্রিনে বসে, নিচের PWA-র ধাপগুলোর মতো। Android-এও PWA আগের মতোই চলে; Android অ্যাপ হলো তাঁদের জন্য বাড়তি ধাপ, যাঁরা আসল অ্যাপ ফাইল বা Play Store চান।
কেন বাংলাদেশের ব্যবসার জন্য আগে ওয়েব অ্যাপ
প্রথম পদক্ষেপ হিসেবে আলাদা করে Play Store-এর অ্যাপ বানানো বেশিরভাগ ছোট ব্যবসার জন্য উল্টো পথ। আগে ওয়েব অ্যাপ, তারপর সেই সাইট থেকেই Android অ্যাপ: এই ক্রমে গেলে দুটোই পাবেন। কারণগুলো সোজা, আর টেবিলেই পাশাপাশি দেখা যায়।
| যেটা দেখছেন | ওয়েব অ্যাপ | আলাদা করে বানানো Play Store অ্যাপ |
| ছাড়তে অনুমোদন | লাগে না | Google-এর রিভিউ লাগে |
| ইউজারের ঝামেলা | লিংকে এক চাপ | নামাতে হয়, জায়গা নেয় |
| বদল লাইভ হওয়া | Publish চাপলেই, আমাদের Android অ্যাপেও | প্রতিবার নতুন ভার্সন বানিয়ে আবার রিভিউ |
| পুরোনো বা কম জায়গার ফোনে | খুলে যায় | অনেক সময় খোলে না |
| খরচ | ফ্রি (আপনার-নাম.banglacodes.app ঠিকানায়); নিজের ডোমেইনে একবারের হোস্টিং | Google-কে একবারের ফি |
আরও একটা বাস্তব কারণ আছে:
- বাংলাদেশে ব্যবসার শুরুটা হয় ফেসবুক পেজ থেকে।
- পোস্টের নিচে একটা লিংক দিলে যিনি আগ্রহী তিনি সাথে সাথেই দেখতে পান।
- Play Store-এ পাঠালে মাঝখানে নামানোর ধাপটা এসে দাঁড়ায়, আর ওখানেই বেশিরভাগ মানুষ হারিয়ে যান।
নিজের অ্যাপটা ইনস্টলযোগ্য করবেন যেভাবে
- বিল্ডারে বানানোর সময় কথাটা বলে দিন। নতুন করে বানাচ্ছেন হোক বা পুরোনো অ্যাপে যোগ করছেন, এক লাইনই যথেষ্ট।
অ্যাপটা ফোনে ইনস্টল করার মতো করে দাও (PWA), নিজের আইকন আর নাম থাকবে, আর ইন্টারনেট না থাকলেও যেন খোলে।
- Publish চাপুন। ইনস্টল প্রিভিউতে হয় না, ওটা নিরাপত্তার কারণে আলাদা করে চালানো হয়, তাই ওখানে চেষ্টা করে সময় নষ্ট করবেন না।
- নিজের ডোমেইন চাইলে যোগ করুন, না চাইলে এই ধাপটা বাদ দিন। ইনস্টল আর অফলাইন ফ্রি ঠিকানাতেই (apnar-site.banglacodes.app) চলে। ডোমেইন লাগে শুধু নিজের নামের ঠিকানার জন্য, আর নিজের ডোমেইনে সাইট চালাতে একবারের লাইফটাইম হোস্টিং লাগে, ৳৬,৯৯৯, বিকাশ, নগদ বা কার্ডে।
- নিজের ফোনে একবার ইনস্টল করে দেখুন। আইকনটা ঠিক দেখাচ্ছে কি না, নামটা কেটে যাচ্ছে কি না, খুলতে কত সময় নিচ্ছে।
- আসল অ্যাপ ফাইল বা Play Store চাইলে উপরের "লাইভ সাইট থেকে Android অ্যাপ" অংশের ধাপগুলো দেখুন।

ফোনে বসানোর ধাপ, Android আর iPhone
ইউজারকে এই ধাপগুলো বলে দিতে হবে, কারণ অনেকেই জানেন না যে ওয়েবসাইট ফোনে বসানো যায়।
Android-এ:
- Chrome-এ আপনার ঠিকানাটা খুলুন।
- নিচে বা মেনুতে অ্যাপ ইনস্টল বা হোম স্ক্রিনে যোগ করুন খুঁজুন।
- চাপ দিন, আইকনটা বসে যাবে।
iPhone-এ:
- Safari দিয়ে খুলুন। Chrome-এ হবে না, এটা Apple-এর নিয়ম।
- নিচের শেয়ার বাটন (তীরচিহ্ন) চাপুন।
- লিস্ট থেকে Add to Home Screen বেছে নিন।
- সাইটের কোথাও ছোট করে এই ধাপগুলো লিখে রাখুন, বা একটা ছবি দিয়ে দেখিয়ে দিন।
- ক্রেতাকে ফোনে বোঝানোর চেয়ে পেজে লেখা থাকা ভালো।
- Android ফোনে কাউকে .apk ফাইলটা পাঠালে এই ধাপগুলোও লাগে না: ফাইলে চাপলেই অ্যাপ বসে যায়।
অফলাইনে যা চলে আর যা চলে না
একবার অনলাইনে খোলার পর অ্যাপটা নিজের ফাইলগুলো ফোনে জমা করে রাখে। তাই পরেরবার নেট না থাকলেও খোলে।
- চলে: পেজ খোলা, লেখা আর ছবি দেখা, হিসাব করা, ক্যালকুলেটর, ফর্ম পূরণ করা, লিস্ট দেখা আর প্রিন্ট করা।
- চলে না: ফর্ম পাঠানো। নেট না থাকলে জমাটা আমাদের সার্ভারে যাবে না, তাই নেট ফিরলে আবার পাঠাতে হবে।
- চলে না: নতুন তথ্য নামানো। নেট ছাড়া অ্যাপটা তার শেষবারের জমানো চেহারাই দেখাবে।
- মনে রাখুন: অ্যাপ যা মনে রাখে তা ওই এক ফোনেই থাকে, আর ব্রাউজারের data মুছলে সেটাও মুছে যায়। খাতা বা স্টকের অ্যাপে এটা এড়াতে Business বা Commerce প্ল্যানের ক্লাউড ডেটা চালু করবেন, তাহলে হিসাবটা সার্ভারে জমে আর সব ফোনে এক থাকে।

কখন এখনো একজন ডেভেলপার লাগে
Play Store-এ অ্যাপ রাখতে আর ডেভেলপার লাগে না: উপরের ধাপে বানানো .aab ফাইলটাই Play Console-এ দিন। ডেভেলপার লাগে তখন, যখন নিচের কোনোটা আপনার ব্যবসার মূল কাজ। আমাদের অ্যাপ আপনার সাইটটাই খোলে, আর সাইট এগুলো পারে না।
- অ্যাপ বন্ধ থাকলেও ব্যাকগ্রাউন্ডে নিয়মিত notification পাঠানো, যেমন রাইড শেয়ারিং বা ডেলিভারির অ্যাপ।
- ফোনের গভীরে হাত দেওয়া: SMS পড়া, কল লিস্ট, ব্লুটুথ যন্ত্র, ব্যাকগ্রাউন্ডে চলা লোকেশন।
- Play Store-এর ভেতরেই টাকা নেওয়া, যেমন In-App Purchase।
এসব লাগলে একজন Android ডেভেলপারের সাথে কথা বলুন। এমন অ্যাপ আলাদা করে তৈরি করতে হয়, সেটা ব্রাউজারের ভেতরে হয় না।
দোকানের ক্যাটালগ, বুকিং, হিসাবের খাতা, রুটিন, নোটিশ বোর্ড, কুইজ, গেম, এসবের জন্য PWA আর আমাদের Android অ্যাপই যথেষ্ট। PWA ফ্রি, প্রথম Android অ্যাপটাও ফ্রি।
নতুনদের যত প্রশ্ন
আমার সাইটটা কি তাহলে সত্যিকারের অ্যাপ?
- ইউজারের কাছে হ্যাঁ: হোম স্ক্রিনে আইকন থাকে, চাপ দিলে পুরো পর্দায় খোলে, আর অফলাইনের জন্য বানানো থাকলে নেট ছাড়াও খোলে।
- Play Store-এ রাখতে চাইলে সেটাও হয়: লাইভ সাইট থেকে Android অ্যাপ বানিয়ে .aab ফাইলটা নিজের Google Play ডেভেলপার account থেকে তুলে দিন।
ইনস্টল করার পর আমি সাইট বদলালে ইউজার নতুনটা পাবেন?
- পাবেন। পরেরবার অ্যাপটা খুললেই নতুন ভার্সন নিজে থেকে চলে আসে।
- কাউকে আবার ইনস্টল করতে হয় না।
- Android অ্যাপেও একই কথা: অ্যাপটা লাইভ সাইটটাই খোলে, তাই আবার Publish করলেই হয়, নতুন বিল্ড বা Play Store-এর রিভিউ লাগে না।
নতুন বদল দেখাচ্ছে না, কী করব?
- অ্যাপটা পুরোপুরি বন্ধ করে আবার খুলুন। বেশিরভাগ সময় তাতেই হয়ে যায়।
- না হলে বিল্ডারে বলুন অফলাইনে জমানো ফাইলগুলোর version বাড়িয়ে দাও, তাহলে সবার ফোনে নতুনটা নামবে।